[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বৈশাখী শোভাযাত্রায় মুখর খুলনা বিশ্ববিদ্যালয়, আনন্দে বরণ নতুন বছর

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ৭:০২ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল বৈশাখী শোভাযাত্রা, যা পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ ছড়িয়ে দেয়।


সকালে বর্ষবরণ উপলক্ষে আবাহনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল ১০টার দিকে হাদী চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।


তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। এই আয়োজনের মাধ্যমে সেই ঐতিহ্যের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ পায়। পাশাপাশি তিনি এমন আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


উদ্বোধনের পর চারুকলা স্কুলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মুখোশ, আলপনা, ঢাক-ঢোল এবং বিভিন্ন লোকজ উপকরণে সাজানো শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।


শোভাযাত্রার বিভিন্ন অংশে গ্রামীণ জীবনধারা ও বাঙালির ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজস্ব থিমে অংশ নিয়ে পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নববর্ষের এই আয়োজন।

এসআর

সম্পর্কিত খবর