[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দাউদকান্দিতে ট্রাক দুর্ঘটনা: নিহতরা ধান কাটার শ্রমিক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ৩:২৮ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক সড়ক থেকে খাদে পড়ে গিয়ে হতাহত হওয়া ব্যক্তিরা ধান কাটার শ্রমিক ছিলেন।

তারা কাজের সন্ধানে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।


মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত প্রায় ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন শ্রমিক প্রাণ হারান এবং আহত হন আরও ছয়জন।


নিহতদের মধ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিপুর গ্রামের আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২) এবং বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮) রয়েছেন।


দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে ১৩ জন শ্রমিক একটি চালবোঝাই ট্রাকে করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। ভাড়া কমানোর জন্য তারা ট্রাকের ওপরেই যাত্রা করছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।


নিহতদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, সবাই মৌসুমি ধান কাটার কাজে যুক্ত ছিলেন। নিহত সোহরাব হোসেনের আত্মীয় জসিম উদ্দিন জানান, সোহরাব তার স্ত্রীর বড় ভাই এবং পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন। কাজের আশায় তারা একসঙ্গে নোয়াখালী যাচ্ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর