[email protected] বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কৃত নেতাদের ফেরাতে উদ্যোগী বিএনপি, শিগগির আসছে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ১১:৪৯ এএম

সংগৃহীত ছবি

দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।

 বিএনপি। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের বিষয়ে নতুন করে ভাবছে দলটির নীতিনির্ধারণী মহল। যারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন, তাদের ফেরানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে বিএনপি। আগামী স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী সাতজনের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া অন্য ছয়জন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছেন। তারাও পুনরায় দলে ফেরার অপেক্ষায় রয়েছেন। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও তাদের বিষয়ে ইতিবাচক মনোভাবের ইঙ্গিত পাওয়া গেছে।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য নেতাদের অনুরোধ করা হয়েছিল। একই সঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যাশা ছিল। কিন্তু তারা সেই নির্দেশনা অনুসরণ করেননি। এখন তারা ফিরতে চাইলে বিষয়টি বিবেচনা করা হবে।

 

দলটির জ্যেষ্ঠ নেতাদের মতে, বহিষ্কৃতদের অনেকেই অতীতে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্দোলন-সংগ্রামে তাদের অবদান ও ত্যাগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ দেওয়ার চিন্তাভাবনা চলছে। তবে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের নির্দেশনা মেনে চলার বিষয়টিও গুরুত্ব পাবে।

 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি সারাদেশে ৯২ জন নেতাকে বহিষ্কার করেছিল। এর মধ্যে গত ২১ জানুয়ারি এক দিনেই ৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া আটটি আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করা হয়েছিল। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

 

নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন জয়ী হন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, এম এ হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও এ জেড এম রেজওয়ানুল হক। এ ছাড়া অন্তত ২৮টি আসনের ফলাফলে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

বহিষ্কৃত নেতাদের মধ্যে বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন, সাইফুল আলম নিরব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম ফিরোজ উল্লেখযোগ্য।

 

বিএনপির দপ্তর সূত্র জানায়, বহিষ্কৃত অধিকাংশ নেতা ইতোমধ্যে শাস্তি প্রত্যাহারের আবেদন করেছেন। এর মধ্যে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে বহিষ্কারমুক্ত করে আগের পদে ফিরিয়ে দেওয়া হয়। তিনি নড়াইল-২ আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন।

 

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাবনা সামনে রেখে অনেক নেতাকে আবারও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় দেখা যাচ্ছে। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব। ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ডেকে কাছে নেন। ঘটনাটি বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা তৈরি করে।

 

সাইফুল আলম নিরব বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তিনি চিন্তিত নন। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করেই বিএনপির রাজনীতি করছেন। নির্বাচনের পরও দলের সব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

 

দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নীতিগত কোনো বাধা নেই। তবে প্রত্যেকের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, বহিষ্কারের কারণ এবং সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এমপি এম এ হান্নান বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, সেটিই তিনি মেনে নেবেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এফ/ডি

সম্পর্কিত খবর