[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

একদলীয় কমিটি না ভাঙলে জাতীয় ঐক্যে যাবে না এনসিপি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ৬:৪৫ পিএম

সংগৃহীত ছবি

শুধু আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে

 একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে, সেই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

​রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থানের কথা জানান।

​নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমেই জনগণ বুঝতে পারবে যে সরকার সত্যিকার অর্থে জাতীয় ঐকমত্য চায় এবং এর ফলে রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাবে।

​জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে যাতে সবাই আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে বলেও তিনি জানান।

​দেশের বর্তমান পরিস্থিতিকে সংকটকাল হিসেবে অভিহিত করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে চান, তা তারা শুনতে চান।

​নাহিদ ইসলাম আরও যোগ করেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব।

এইচ/এম

সম্পর্কিত খবর