[email protected] বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ফাঁদে পড়ল?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেদিনই ভারতে আশ্রয় নেন। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে থাকার পর সম্প্রতি তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, যা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং সার্বিক নিরাপত্তাঝুঁকি মাথায় নিয়ে তিনি শেষ পর্যন্ত সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছে।

​এদিকে, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের ভেতরে ও বাইরে বর্তমান বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানামুখী চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে বলে আলোচনা রয়েছে। গত কয়েক দিনের দৃশ্যমান ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে জনমনে ধারণা তৈরি হয়েছে যে, এর নেপথ্যে দেশি-বিদেশি শক্তিশালী কোনো চক্রের ইন্ধন রয়েছে। কার যোগসাজশে এবং কোথায় বসে এই নীলনকশা তৈরি হচ্ছে, তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে; এমনকি পুলিশ ও প্রশাসনের একাংশের সম্পৃক্ততা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে। সুশীল সমাজ ও সরকারসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক নাশকতা ও অস্থিরতা সৃষ্টির মূল লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করা এবং সরকারকে চাপে রাখা। এর মাধ্যমে দেশে এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যাতে 'শেখ হাসিনার শাসনামলই ভালো ছিল'—এমন একটি বয়ান প্রতিষ্ঠা করা যায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে প্রকাশ্যে এ ধরনের প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।

​তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কারও প্ররোচনায় এই নাশকতায় জড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই কোনো ফাঁদে পা দিল কি না। বিশ্লেষকদের অনেকে স্বাধীনতা-পরবর্তী জাসদের হঠকারিতা ও সহিংস রাজনীতির উদাহরণ টেনে বলছেন, সাধারণ মানুষ সে সময় ওই ধরনের রাজনীতি প্রত্যাখ্যান করেছিল। ফলে পলাতক শেখ হাসিনার বেঁধে দেওয়া 'ডিসেম্বর' ডেডলাইন ব্যর্থ হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি, যারা আওয়ামী লীগকে মাঠের অস্থিরতায় নামিয়েছে, তাদের উদ্দেশ্য সফল হবে কি না, সে আলোচনাও চলছে। একই সঙ্গে চলমান এই অস্থিরতার কারণে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও সামনে আনছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, সরকার কাকে মিত্র হিসেবে দেখবে আর কারা নেপথ্যে থেকে ষড়যন্ত্র করছে, তা চিহ্নিত করা এখন বেশ জটিল হয়ে উঠছে।

​এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মনে করেন, আওয়ামী লীগ বর্তমানে যা করছে তা কোনো রাজনীতি নয়, বরং অপরাজনীতি। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জোর করে আবার ক্ষমতায় ফেরার যে চিন্তা তারা করছে, তা কেবলই একটি স্বপ্ন এবং এভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ এখনো কোনো দায় স্বীকার করেনি। দায় স্বীকার না করায় রাজনৈতিক সমঝোতা বা রিকনসিলিয়েশনের কোনো সুযোগ নেই; তারা দায় স্বীকার করলে ক্ষমার প্রশ্নটি বিবেচনায় আসতে পারত, কিন্তু দলটি তা করেনি।

​অন্যদিকে, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ জানান, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই নিজেদের ভুল স্বীকার করতে চায় না। রাজনীতিবিদদের ধারণা, ভুল স্বীকার করলে জনগণ মনে করবে দলটি হেরে গেছে বা পরাজয় মেনে নিয়েছে—এ কারণেই তারা কখনো দুঃখ প্রকাশ বা 'সরি' বলে না। আর আওয়ামী লীগ যেহেতু জুলাই গণ-অভ্যুত্থানকেই স্বীকার করে না, তাই তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার প্রশ্নও আসেনি।

এইচ/এম

সম্পর্কিত খবর