[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির, স্থগিত মালয়েশিয়া যাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ৬:২০ পিএম

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষ করে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

একই সঙ্গে বিশেষ প্রয়োজনের কারণে মালয়েশিয়ায় পূর্বনির্ধারিত এক দিনের সফর স্থগিত করেছেন তিনি।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান জামায়াত আমির।

 

পোস্টে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক আতিথেয়তা ও ভালোবাসার কথা তুলে ধরেন। তাদের এমন আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে সবার জন্য আল্লাহর কাছে কল্যাণ ও সম্মান কামনা করেন তিনি।

 

প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রসঙ্গে তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করলেও প্রবাসীরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন। দেশকে ঘিরে তাদের নানা স্বপ্ন রয়েছে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আগ্রহও রয়েছে। তাই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া দেশের দায়িত্ব বলে মনে করেন তিনি।

 

মালয়েশিয়া সফর স্থগিতের কারণ জানিয়ে জামায়াত আমির বলেন, বিশেষ প্রয়োজনের কারণে আপাতত এক দিনের সফরটি বাতিল করতে হয়েছে। তবে সুযোগ হলে শিগগিরই মালয়েশিয়ায় গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

ফেসবুক পোস্টের শেষাংশে অস্ট্রেলিয়ায় অবস্থানকালে যারা তাকে সহযোগিতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান ডা. শফিকুর রহমান।

এফ/ডি

সম্পর্কিত খবর