বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) স্মরণ করে সামাজিক
যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তার ছোট ভাই ও সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বড় ভাইকে হারানোর বেদনা ও অসহায়ত্বের কথা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী লেখেন, বড় ভাইয়ের কথা মনে পড়লে আজও তার বুকের ভেতরটা ভারী হয়ে আসে। সাকা চৌধুরীর সঙ্গে হওয়া অন্যায় এবং তাকে হারানোর কষ্ট তিনি আজও ভুলতে পারেননি। মাঝে মাঝে তার মনে হয়, সময়টা যদি একটু অন্যরকম হতো তবে হয়তো তারা তার জন্য আরও কিছু করতে পারতেন। কিন্তু সেই সময়ের অসহায়ত্ব ও না-পারার বেদনা আজও তাকে তাড়া করে বেড়ায়। কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না, কেবল নীরবে বয়ে বেড়াতে হয় বলেও তিনি উল্লেখ করেন।
বড় ভাইয়ের স্মৃতিচারণ করে চট্টগ্রাম-৬ আসনের এই সংসদ সদস্য আরও লেখেন, সাকা চৌধুরী বর্তমানে তাদের মাঝে না থাকলেও তার স্মৃতি প্রতিটি মুহূর্তে তাদের সঙ্গে জড়িয়ে আছে। তাকে মনে পড়লে চোখের সামনে অসংখ্য স্মৃতি ও কথা ভেসে ওঠে। তার এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় এবং তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাও কখনো কমার নয়।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যান সাকা চৌধুরীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টের শেষে তিনি মরহুম বড় ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া চান।
এইচ/এম