প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি নতুন করে বিবেচনার সময় এসেছে।
প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে।
বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করবে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের শেষ দিনের পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ এবং থানায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের অবস্থান তুলে ধরে শাহে আলম বলেন, বর্তমান সরকার মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক নীতিতে বিশ্বাসী।
এ কারণে আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পথ অনুসরণ করা হচ্ছে না। বরং ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
স্থানীয় জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, কোনো এলাকার মানুষ যদি সেখানে থানা কিংবা সরকারি দপ্তর না চায়, তাহলে সরকার বিষয়টি বিবেচনা করবে।
একইভাবে কোনো জেলায় সরকারি প্রতিষ্ঠান বা উন্নয়ন কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় মানুষের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।
প্রতিমন্ত্রীর দাবি, আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।
গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনার মাধ্যমে অতীতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এসব কর্মকাণ্ডের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন শাহে আলম।
এ/এইচ/টি