রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে দগ্ধ পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন আব্দুর রহমান (২৯), সাবা (৩০), তাদের এক বছর ছয় মাস বয়সী সন্তান আর এস রহমান, সানজিদা (২০) এবং শামসুন্নাহার (৫০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে শিশু আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। সাবার শরীরের ১০০ শতাংশ, আব্দুর রহমানের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং শামসুন্নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। আব্দুর রহমান, সানজিদা ও শামসুন্নাহারের ক্ষেত্রে শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বিশেষ করে একজনের শরীরের সম্পূর্ণ অংশই দগ্ধ হয়েছে। শিশুটিও গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন বলে জানান তিনি।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এফ/ডি