[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

দণ্ডের মুখোমুখি হতে শেখ হাসিনাকে ফিরতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ ৯:৫০ এএম

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যারা স্বজন হারিয়েছেন, তাদের কাছে ভারতে

 শেখ হাসিনার অবস্থান কেবল একটি রাজনৈতিক আশ্রয়ের বিষয় নয়। এখনো অনেক পরিবারে আহত স্বজনদের চিকিৎসা ও সেবা চলছে, আর সন্তানহারা মা-বাবার কাছে খালি ঘরটি প্রতিদিন তাদের অপূরণীয় ক্ষতির কথা মনে করিয়ে দেয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যখন ভারতের মাটি থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশে বক্তব্য দেন, তখন ভুক্তভোগী পরিবারগুলোর মনে প্রশ্ন জাগে—গণতন্ত্রের জন্য এত বড় ত্যাগ স্বীকারের পরও কেন তাদের দুর্ভোগের জন্য দায়ী ব্যক্তি বিদেশে বসে দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছেন? কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক মতামত নিবন্ধে এসব কথা লিখেছেন বাংলাদেশের কূটনীতিক ও জ্যেষ্ঠ সচিব মুশফিকুল ফজল আনসারী।

​নিবন্ধে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায় যে গণ-অভ্যুত্থান চলাকালে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে এবং আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। তাদের অনুসন্ধানে তৎকালীন সরকার, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সহিংস অংশের পরিকল্পিত দমন-পীড়নের চিত্র উঠে আসে। আন্দোলনকে সহিংস উপায়ে দমন করা ছিল তৎকালীন সরকারের নীতি। জাতিসংঘের অনুসন্ধানে ঘটনার তথ্য সামনে আসার পর পরবর্তী বিচারপ্রক্রিয়ায় ব্যক্তিগত অপরাধের দায় নির্ধারিত হয়েছে।

​২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেন। নৃশংসতায় উসকানি ও মদদ দেওয়া এবং বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দেওয়ার পাশাপাশি অধীনস্থদের কর্মকাণ্ডের জন্য ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের নীতিতেও ট্রাইব্যুনাল তাকে দায়ী করে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। হাসিনা এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেও তার এমন বক্তব্যের কারণে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হতে পারে না। বাংলাদেশ সরকার ইতোমধ্যে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে, তবে তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।

​মুশফিকুল ফজল আনসারী লেখেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং দীর্ঘ স্বৈরশাসনে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। এমন সময়ে বিদেশে থাকা হাসিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রচারণা চালাচ্ছেন, যা ন্যায়বিচারের অপেক্ষায় থাকা পরিবারগুলোর মধ্যে ও দেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। এই গণতান্ত্রিক উত্তরণ রক্ষার দায়িত্ব নির্বাচিত সরকারসহ গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলের। কোনো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে তথ্য-প্রমাণ ও আইনি পদক্ষেপের মাধ্যমে তার জবাব দিতে হবে এবং ভুক্তভোগীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তবে হাসিনা ভারতে অবস্থান করায় বাংলাদেশের একার পক্ষে এসব উদ্বেগের সমাধান করা সম্ভব নয়।

​সম্প্রতি দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ার মন্তব্য করেন, ক্ষমতায় থাকাকালে হাসিনা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন এবং নয়াদিল্লি সম্ভবত তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। তবে তাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি ভারতকে এই প্রশ্নেরও উত্তর দিতে হবে যে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে তিনি কেন বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পাচ্ছেন? ২০২৬ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে এক প্রকাশ্য অনুষ্ঠানে হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছিল যে তিনি নির্বাচন ব্যাহত করতে সহিংসতায় উসকানি দিচ্ছেন। ফেয়ার প্রশ্ন তুলেছেন, অতীতে দালাইলামা ও অং সান সু চির মতো নেতাদের সংযত আচরণে বাধ্য করতে পারলেও হাসিনার ক্ষেত্রে দিল্লির এমন অনীহা কেন? তার মতে, এর কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই নিহিত। বাংলাদেশের দৃষ্টিতে বড় প্রশ্ন হলো, নিজস্ব রাজনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে সংঘাত হলে প্রতিবেশী দেশের উদ্বেগকে নয়াদিল্লি কতটা গুরুত্ব দেয়।

​নিবন্ধে আরও বলা হয়, নয়াদিল্লির অবস্থান রাজনৈতিক বিবেচনাপ্রসূত হলেও বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি আইনি ভিত্তিতেই বিবেচনা করতে হবে। কেবল রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে কারও প্রত্যর্পণ আটকে থাকতে পারে না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, হত্যা, হত্যায় উসকানি ও সংশ্লিষ্ট অপরাধগুলোকে রাজনৈতিক অপরাধ হিসেবে দেখিয়ে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ নেই; যদিও চুক্তির অন্যান্য আইনি সুরক্ষা ও শর্তাবলি প্রযোজ্য থাকবে।

​ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ সরকারকে স্পষ্ট বার্তা দিতে হবে যে, ঢাকা সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় এবং প্রত্যর্পণের অনুরোধটি দিল্লি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করে। একই সঙ্গে বাংলাদেশে সহিংসতা উসকে দিতে বা জনগণকে হুমকি দিতে ভারতের ভূখণ্ড যেন ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে হবে নয়াদিল্লিকে। এ ধরনের সুনির্দিষ্ট ঘটনাগুলো নথিভুক্ত করার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশ ও সহিংসতার আহ্বানের মধ্যকার পার্থক্যও স্পষ্ট রাখতে হবে।

​নিবন্ধের উপসংহারে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে ভারত যদি সত্যিই আন্তরিক হয়, তবে তাদের এ দেশের মানুষের গণতান্ত্রিক রায়কে সম্মান জানাতে হবে এবং জনগণের ভোগান্তিকে স্বীকার করতে হবে। একজন সাবেক স্বৈরশাসককে জবাবদিহির হাত থেকে আড়াল করলে দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাসই কেবল বাড়বে। নিজের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও নিপীড়নের দায় সশরীরে জবাব দিতে, দণ্ডের মুখোমুখি হতে এবং পরবর্তী যেকোনো আইনি প্রক্রিয়ায় অংশ নিতে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরতে হবে। তার এই প্রত্যাবর্তনই ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার পথ প্রশস্ত করবে এবং বাংলাদেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেবে। 

এইচ/এম

সম্পর্কিত খবর