জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় নির্মিত মহাসড়কের নকশায় ভুল হওয়ার সমালোচনা
করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেছেন, তিন হাজার কোটি টাকা খরচ করে মহাসড়ক নির্মাণের পর বলা হচ্ছে ভুল হয়েছে, অথচ সারাদিন পরিশ্রম করে একজন গার্মেন্টস শ্রমিক ৩০ হাজার টাকা বেতন চাইলে তাকে লাথি-পেটা করা হয়। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাফিয়াদের হাত থেকে আজ বাংলাদেশের মানুষ মুক্তি চায়।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জামালখান মোড়ের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মহাসড়কের ভুল নকশা ও শ্রমিকের অধিকার
সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, ঢাকা-গাজীপুর মহাসড়ক নির্মাণে ৩ হাজার কোটি টাকা ব্যয় হওয়ার পর এখন বলা হচ্ছে এর নকশায় ভুল রয়েছে। অথচ এই অর্থ দিয়ে অন্তত ১০ লাখ গার্মেন্টস শ্রমিককে এক মাসের বেতন দেওয়া যেত। সাধারণ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা দাবি করলে তাদের ওপর নির্যাতন চালানো হয়। অন্যদিকে জনগণের করের টাকায় বেগমপাড়ায় বাড়ি তৈরি ও সন্তানদের বিদেশে পড়ার ব্যবস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, গত আট মাসে দেশে কোনো গুম-খুন হয়নি বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা বাস্তবসম্মত নয়। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কথা তুলে ধরে তিনি জানান, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকায় গাড়ি আটকে ডাকাতির মতো ঘটনা ঘটছে। এছাড়া চাঁদাবাজি ও নিরাপত্তাাহীনতার চিত্র তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে।
নারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, মানুষ যখন ন্যায্য অধিকার ও নিরাপত্তা পাচ্ছে না, তখন নারীদের ওপর হামলা হচ্ছে। বোনদের গায়ে ওঠা হাত ভেঙে দিতে না পারলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচ/এম