[email protected] বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

লুকোচুরি আর চলবে না: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ৭:৪৫ পিএম

সংগৃহীত ছবি

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই সংসদ

 মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী, সন্ত্রাসবিরোধী ও আধিপত্যবাদ বিরোধী সংসদ। এই সংসদে লুকোচুরি আর চলবে না।

​তিনি বলেন, অতীতে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক অনেক চুক্তি সম্পাদিত হলেও জাতি সেসব চুক্তির বিষয়বস্তু জানতে পারেনি। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে অতীতে কোনো চুক্তি হয়ে থাকলে আগামী সংসদ অধিবেশনে তা স্পষ্টভাবে তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি।

​বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ডা. শফিকুর রহমান বলেন, আমাদের এই সংসদ আমরা বারবারই বলে আসছি, এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী সংসদ, সন্ত্রাসবিরোধী সংসদ, আধিপত্যবাদ বিরোধী সংসদ। এই সংসদের প্রতিষ্ঠা কমপক্ষে ১ হাজার ৪০০ শহীদের তাজা রক্তের ওপর। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি।

​তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছর হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে। তাদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, কাস্টডিয়াল টর্চার ও আয়না ঘরের শিকার হতে হয়েছে। অজানা জায়গায় গুম অবস্থায় থেকে এখনো অনেকেই ফিরে আসেননি। তাদের পতনের মধ্য দিয়ে আমরা এই সংসদে বসেছি।

​বিরোধী দলীয় নেতা বলেন, আমাদের একজন সম্মানিত সহকর্মী সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার স্বামী ইলিয়াস আলী সিলেটের একজন জনপ্রিয় জননেতা ও সংসদ সদস্য ছিলেন। তার হদিস আজও তার পরিবার, সহকর্মী, দল ও বন্ধুবান্ধব কেউ জানেন না। শুধু একজন ইলিয়াস আলী নন, এ রকম হাজারো ইলিয়াস আলীর খোঁজ তাদের পরিবার এখনো পায়নি। তারা জীবিত না মৃত, সেটিও জানেন না। যদি দুনিয়া ছেড়ে চলে গিয়ে থাকেন, তাহলে তাদের ঠিকানা কোথায় হয়েছে, সেটি একান্তই আলোচনার বিষয়।

​তিনি বলেন, সংসদ অধিবেশন চলাকালে গত কয়েক দিন ধরে সারা বাংলাদেশে পতিত ও পলাতক দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতা আমরা প্রত্যক্ষ করছি। এই সংসদে আমরা আশা করেছিলাম, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সংসদের মাধ্যমে দেশ ও জাতিকে অবহিত করা হবে। সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তার দৃশ্যমান অগ্রগতি কী এবং ভবিষ্যতে কী করবে, তা জানানো হবে। কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিলেও সেটি জাতির সামনে, অন্তত আমার সামনে, স্পষ্ট হয়নি। আমরা বুঝতে পারছি না, আসলে আমাদের নীতি ও কৌশল কী?

​মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, স্পিকার, যেহেতু আমার নোটিশটাকে এর সঙ্গে একত্র করে নিয়েছেন, সেহেতু মাতারবাড়ি প্রকল্প, মূলত গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে আমার নোটিশটি ছিল সাধারণ আলোচনার জন্য।

​তিনি বলেন, আমাদের সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। তবে একটি ছোট শর্তও রয়েছে, জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করা যাবে।

​জামায়াত আমির বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, অতীতে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক অনেক চুক্তি সম্পাদিত হয়েছে। কিন্তু জাতি জানে না, সেই চুক্তিতে কী ছিল, কী রয়েছে। এ নিয়ে অতীতে অনেক লুকোচুরি হয়েছে। কিন্তু বর্তমান সংসদ একটি নির্বাচিত সংসদ। এই সংসদে লুকোচুরি চলবে, এটি আমরা কঠিনভাবে চাই না।

​জাপান সফরের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি জাপান সফর করেছেন। এই সফরে এ বিষয়টি ছিল কিনা, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের কোনো চুক্তি কোনো পর্যায়ে হয়েছে কি না, সেটি আজ এখানে জানতে চাচ্ছি না। তবে যদি কিছু হয়ে থাকে, তাহলে আগামী সংসদে সেটি যেন স্পষ্টভাবে আসে।

​তিনি বলেন, এ নিয়ে অনেক অস্পষ্টতা রয়েছে। মিডিয়ায় অনেক লেখালেখি হচ্ছে। মিডিয়াকে আমরা পুরোপুরিভাবে ধারণ করতে পারি না। মিডিয়া কোনো অফিশিয়াল বক্তব্য দেয় না। মিডিয়া কেবল কিছু রেফারেন্স, তাদের কিছু স্টাডি, আন্দাজ ও অনুমানের সমন্বয়ে রিপোর্ট করে। মাতারবাড়ি সংক্রান্ত কোনো চুক্তি অতীতেও হয়ে থাকলে আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করব, আগামী সংসদে এ সংক্রান্ত যাবতীয় বিষয় তুলে ধরা হোক।

এইচ/এম

সম্পর্কিত খবর