প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন তারেক রহমান।
সফরকে সামনে রেখে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকাকে নতুনভাবে সাজানো হচ্ছে। পাশাপাশি জনসভা আয়োজনের জন্য কালেক্টরেট মাঠে তৈরি করা হচ্ছে বড় আকারের প্যান্ডেল। নির্মাণ করা হচ্ছে মঞ্চসহ প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে জেলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগরে পানি নিষ্কাশনের লক্ষ্যে মডেল খাল খনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।
পরবর্তী সময়ে একটি জনসভায় বক্তব্য দেবেন সরকারপ্রধান। এ ছাড়া জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। সফরের সার্বিক আয়োজন নির্বিঘ্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ প্রস্তুতি ও সমন্বয়ের কাজ চালিয়ে যাচ্ছে।
এফ/ডি