ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
নাসির উদ্দীন নাসিরের দাবি, সাদিক কায়েমের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে। ২০১৪-১৫ সালের আন্দোলনের পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমনে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। অতীতের সেই রাজনৈতিক সম্পর্কের প্রভাব এখনো থাকতে পারে বলেও মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা।
তিনি আরও অভিযোগ করেন, সাদিক কায়েমের কিছু বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নিচ্ছে ছাত্রলীগ। এসব বক্তব্যকে কাজে লাগিয়ে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা চলছে বলে তিনি মনে করেন।
নাসির উদ্দীন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের দেওয়া রায়ের মধ্য দিয়ে দেশ সামনে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় ছাত্রদল তাদের পাশে রয়েছে বলেও জানান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
এফ/ডি