[email protected] সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

‘সংসদে সব ফাঁস করে দেব’ আমির হামজার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ৬:৪৯ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা

 ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘চলমান সংসদে সব ফাঁস করে দেব।’

​গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক ওয়াজ মাহফিলে এই বক্তব্য দেন তিনি, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

​ভাইরাল হওয়া ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু সংসদে ফাঁস করে দেব।’

​তবে মুফতি আমির হামজার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিল আয়োজক কমিটি।

​রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমির হামজার পিএসকে জানানো হয়েছিল। এর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য বা সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

​আয়োজক কমিটি এবং স্থানীয় নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি বিশেষ চক্রের ইন্ধনে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এই মিথ্যাচার করা হচ্ছে।

​এদিকে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানও স্পষ্ট করেছেন যে, মাহফিল বন্ধের পেছনে কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না, বরং আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছে।

এইচ/এম

সম্পর্কিত খবর