[email protected] সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় মামুনুল হক: বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ১২:১১ পিএম

সংগৃহীত ছবি

শুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের

 আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সমাজে ন্যায়বিচার, সাম্য ও ইনসাফ কায়েম করা জরুরি। ইসলামের সৌন্দর্য ও ইনসাফ প্রতিষ্ঠিত হলেই মানুষ এর আসল সুফল ভোগ করতে পারবে, আর ইসলামকে বিজয়ী করার মাধ্যমেই প্রকৃত বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

​রোববার (২৫ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার কেলাংয়ে অবস্থিত লেমবাগা গেটওয়ে আসলি হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখা আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নবীজির শিক্ষা ও সাম্য: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তি জীবনের অন্যতম শিক্ষা ছিল দ্বীনের দাওয়াতের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। মক্কায় দীর্ঘ ১৩ বছর নির্যাতন সহ্য করে দাওয়াত দেওয়ার পর মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছিলেন তিনি।

​অন্যায় ও আধিপত্যবাদের প্রতিরোধ: সমাজে জুলুম ও বৈষম্য দেখা দিলেই তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন। ইতিহাস তুলে ধরে তিনি জানান, হাজি শরীয়তুল্লাহ, তিতুমীর এবং মাওলানা কারামত আলী জৌনপুরীর (রহ.) মতো মনীষীরা যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সেই ধারায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

​গণ-অভ্যুত্থান ও ইনসাফ: ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে বৈষম্যহীন দেশের স্বপ্নে বহু মানুষ জীবন দিয়েছেন। সেই আত্মত্যাগের উদ্দেশ্য সফল করতে হলে শুধু স্লোগান নয়, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আবশ্যক।

​প্রবাসীদের ভূমিকা ও আহ্বান: প্রবাসীরা দেশের অর্থনীতি ও যেকোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সম্মেলনে মামুনুল হক মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে নিয়মতান্ত্রিক সাংগঠনিক কাজ পরিচালনার আহ্বান জানান।

​বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি তাকী উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সল। সম্মেলনে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এসআর

সম্পর্কিত খবর