[email protected] মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ ৯:৪১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম

 বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগের পর এখন দেশবাসী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় রয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

​নাহিদ ইসলাম বলেন, “আজ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যিনি প্রধানত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর মূল কাজ, তিনি সেটা না করে সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।”

​ইশরাক হোসেনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন, তাই আইন প্রয়োগকারী সংস্থাকে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এর আগে মিষ্টি পদত্যাগ করলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। দেশ আজ এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো চলছে, যা গণতন্ত্র বা আইনের শাসনের উদাহরণ হতে পারে না।”

​সংবিধান সংশোধন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে দেশের মানুষ ইতিমধ্যে প্রত্যাখান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করে বিএনপি তাদের নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে, যা জনগণের সঙ্গে একটি প্রহসন মাত্র।”

​পূজামণ্ডপ পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর