মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ ছাড়ার বিষয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান ইশরাক।
সেখানে তিনি উল্লেখ করেন, প্রেস ক্লাবে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিয়ে মানুষের প্রতিক্রিয়ার কথাও তুলে ধরেন ইশরাক। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রবাসে থাকা সমর্থকেরা দেশে ফিরে অংশ নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ইশরাক আরও জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রীর পরিচয়ের বাইরে বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় থাকবেন।
পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে এ বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ইশরাক।
এসআর