[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ১৪ দিনের দাওয়াতি সফরে চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ১১:৩০ এএম

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল

 করীম ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

​দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র সফরে তিনি দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি বক্তব্য দেওয়ার পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন বৈশ্বিক সংগঠনের নেতাদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

​এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা বিমানবন্দরে বিপাকে পড়া প্রবাসী শ্রমিকদের দ্রুত সহায়তার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।

​সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান এক বিবৃতিতে জানান, সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার জেরে ৬০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে হাজার হাজার প্রবাসী শ্রমিক বর্তমানে ঢাকা বিমানবন্দরে আটকা পড়ে চরম দুর্ভোগে আছেন। সীমিত আয়ের এসব শ্রমিকের ঢাকায় থাকা-খাওয়ার কোনো সুব্যবস্থা না থাকায় সরকারের পক্ষ থেকে দ্রুত তাঁদের আবাসন ও খাদ্যের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

​বিবৃতিতে আরও বলা হয়, ফ্লাইট বাতিল হওয়ায় এই অসহায় শ্রমিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাই সরকারের সক্রিয় উদ্যোগে এয়ারলাইন্সের মাধ্যমে টিকিটের অর্থ ফেরত (রিফান্ড) পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার জোরালো দাবি জানান সংগঠনের সভাপতি।

এসআর

সম্পর্কিত খবর