সড়ক পরিবহন খাতে দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে যাত্রী ও শ্রমিকদের জন্য
স্বস্তিদায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশা প্রকাশ করেন, এই খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতকে ঘিরে যে মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে তোলা হয়েছিল, তা দূর করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃত্ব দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে এই খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি যাত্রীদের সেবার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।
সড়ক পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, নতুন চিন্তাভাবনা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এই খাতকে নতুন করে ঢেলে সাজাতে হবে। অতীতের সমস্ত বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে আইনের আওতায় আনা হবে এবং উন্নত যাত্রীসেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন ও দায়িত্বশীলতা আসলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার ও মিছিলসহ সমাধিতে উপস্থিত হন। পরবর্তীতে রুহুল কবির রিজভী নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসআর