দেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে ব্যাংক এবং আর্থিক খাত
পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেন, বিগত সরকারের সময়ে ব্যাংকিং খাতের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে শিল্পখাতে প্রয়োজনীয় অর্থসংস্থান নিশ্চিত করতে হবে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী উল্লেখ করেন, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম এই শিল্পের বিকাশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, অতিরিক্ত উৎপাদন খরচ, ঋণপত্র (এলসি) খুলতে জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণের মতো বহুবিধ প্রতিবন্ধকতা রয়েছে। তাছাড়া, বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় উৎপাদন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা শিল্পখাতকে আরও চাপে ফেলছে।
একই সাথে তিনি সতর্ক করে দেন যে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে আসার পর আন্তর্জাতিক বাজারে শুল্ক সুবিধা কমতে পারে, যা রপ্তানি আয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। এ পরিস্থিতি মোকাবিলা করতে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিতকরণসহ উদ্যোক্তাদের সব ধরনের আর্থিক ও নীতিনির্ধারণী সহায়তা দেওয়ার তাগিদ দেন তিনি।
এসআর