[email protected] সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

গ্রামীণ অর্থনীতিতে গতি এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: দুলু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ ৬:৩১ পিএম

সংগৃহীত ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে।

কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), টেস্ট রিলিফ (টিআর), জেনারেল রিলিফ (জিআর), ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এবং খাল খনন কর্মসূচি গ্রামাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রান্তিক মানুষের কাছে অর্থের প্রবাহ বাড়াতে ভূমিকা রাখছে।

মন্ত্রী বলেন, খাল খনন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এ কর্মসূচি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির জোগান নিশ্চিত করা, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন এবং খালে মাছ চাষের সুযোগ তৈরি হবে।

পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ও স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তিনি জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ যথাযথভাবে কাজে লাগাতে হবে। কোনো অর্থ যাতে অব্যবহৃত থেকে ফেরত না যায় এবং সরকারি বরাদ্দের অপচয় না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ডিআরআরও ও পিআইওরা অংশ নেন।

 

এসআর

সম্পর্কিত খবর