আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে সমঝোতা না করে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে দলের সিদ্ধান্ত জানান রিজভী।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে কেন্দ্রের সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।
রিজভী আরও জানান, নির্বাচনে দলের প্রার্থী ও সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে বিএনপির তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের দায়িত্বশীল নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান।
এসব বৈঠকে সাংগঠনিক দুর্বলতা, দলীয় শৃঙ্খলা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
বিএনপি নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান আরও দৃঢ় করাই এখন তাদের অন্যতম লক্ষ্য।
এসআর