[email protected] রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

বিএনপির জনপ্রিয়তা ও গণতান্ত্রিক পথচলার নেপথ্যে খালেদা জিয়া: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ১০:১৬ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

দিনটি ঘিরে কোরআন খানি, দোয়া মাহফিল, আলোচনা সভা, কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

 

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও জনপ্রিয়তার পেছনে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

 

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জন্মদিন বিএনপির নেতাকর্মীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন।

 

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে যে অবস্থান তৈরি করেছে, তার পেছনে খালেদা জিয়ার নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলকে সংগঠিত রেখেছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন।

 

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া আজ তাঁদের মধ্যে নেই, তবে তাঁর রাজনৈতিক আদর্শ, সংগ্রাম ও অনুপ্রেরণা দলের নেতাকর্মীদের সামনে পথ দেখাবে। তাঁর স্মৃতিকে ধারণ করে বিএনপিকে আরও শক্তিশালী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও তাঁর ঘোষিত ভিশন-২০৩০-এর পাশাপাশি দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করবে। একই সঙ্গে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এমপি, পাবনা-৫ আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এমপিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশ নেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসআর

সম্পর্কিত খবর