বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পদত্যাগের পর দলটির মহাসচিবের পদটি শূন্য হয়।
বিএনপি সরকার গঠনের পর গত ১৭ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করে আসছিলেন।
রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও রয়েছে তার।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন রিজভী। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে প্রবেশ করেন। একসময় সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হলে রিজভী সংগঠনটিতে যোগ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্বেও ছিলেন।
১৯৮৯ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।
দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ২০১৬ সালের ১৯ মার্চ রুহুল কবির রিজভী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।
পরে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর গত ১৫ আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এবার দলের মহাসচিবের পদ শূন্য হওয়ার পর তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো।
এসআর