জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ ১১ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
এর অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, এই ১১ দফা কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশের সাধারণ মানুষের অধিকার ও স্বার্থের বিষয়গুলো সামনে রেখেই দাবি উত্থাপন করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া, ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটগামী রেলযাত্রা এবং ১৪ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সচিবালয় জনগণের প্রতিষ্ঠান। তাই জনগণের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ সময় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
পাশাপাশি এলপিজির মূল্য কমানো না হলে সংশ্লিষ্ট দপ্তর ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়।
এসআর