[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

আমার ধারণা, শেখ হাসিনা দেশে ফিরবেন’—রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৬ ৭:২৪ পিএম

সংগৃহীত ফাইল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে দেশে ফিরে আসতে পারেন বলে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তার ভাষ্য, বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি এমনটাই মনে করেন।


বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

পাশাপাশি তার পারিবারিক ও রাজনৈতিক ইতিহাসও গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারেন।


আওয়ামী লীগ সভাপতির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির কারণে মানুষের হাতে নানা ধরনের যোগাযোগমাধ্যম রয়েছে। ফলে কোনো ব্যক্তির বক্তব্য পুরোপুরি মানুষের কাছে পৌঁছানো থেকে বিরত রাখা বাস্তবে কঠিন। তিনি অতীতে তারেক রহমানের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞার উদাহরণ টেনে প্রশ্ন তোলেন, এমন পদক্ষেপ গণতান্ত্রিক চর্চার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।


দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষের বিষয়ে রুমিন ফারহানা বলেন, এসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার ইঙ্গিত দেয়। একই সঙ্গে ছাত্রসংগঠনগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।


সরাইল উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপির একটি অংশ অনুষ্ঠান বর্জন করে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এই বাস্তবতা রাজনৈতিক দলগুলোর মেনে নেওয়া উচিত।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ অন্যরা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

এসআর

সম্পর্কিত খবর