[email protected] বৃহঃস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬ ২:৫০ পিএম

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি জানান, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার।

চলতি বছরের শেষ নাগাদ সম্ভব না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।

কৃষি খাত নিয়ে মন্ত্রী বলেন, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কৃষিকে আরও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।

জনগণের ভোটে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি সরকার গঠন করেছে এবং অতীতে পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।

তিনি দাবি করেন, বিএনপি কৃষিবান্ধব ও জনমুখী সরকার পরিচালনা করেছে। বিএনপিকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এমন মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে সকালে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল।

পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিল্পকলা একাডেমিতে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসআর

সম্পর্কিত খবর