বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হতে যাওয়া এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তিনি প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়ে জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।
বিবৃতিতে তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি প্রয়োজনীয় প্রবেশপত্র, নিবন্ধনপত্র ও অনুমোদিত উপকরণ সঙ্গে রাখার পরামর্শ দেন। এছাড়া যানজট ও সম্ভাব্য বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে।
এসআর