ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে
অংশ নিতে ইরান সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।
ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে আগামী ৩ জুলাই চার সদস্যের এই প্রতিনিধিদলটি তেহরানের উদ্দেশ্যে রওনা হবে এবং ৯ জুলাই পর্যন্ত সেখানে অবস্থান করবে। মঙ্গলবার (৩০ জুন) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও রয়েছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান। সফরকালে প্রতিনিধিদলটি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করবে।
পাশাপাশি সরকারি কর্মসূচি অনুযায়ী তারা দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
এসআর