আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা মঙ্গলবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দুপুরের দিকে হেলিকপ্টারে করে তার মরদেহ ভোলায় আনা হয়। পরে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ গাড়িতে করে জানাজাস্থলে নেওয়া হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মান প্রদর্শনের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিবারের সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। ভোলা জেলা বিএনপির নেতারা তাকে জেলার একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজা শেষে মরদেহ দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হয়। পারিবারিক সূত্র জানিয়েছে, সেখানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে জানাজাকে কেন্দ্র করে শুরুতে কিছু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কয়েকজন নেতাকর্মী মাঠে এসে নিজেদের অবস্থান তুলে ধরেন। তারা অতীতের কিছু রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে আপত্তি জানান। পরে বিএনপির স্থানীয় নেতারা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর মতে, অতীতের রাজনৈতিক ঘটনাবলিকে কেন্দ্র করে কিছু নেতাকর্মীর মধ্যে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত জানাজার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়
এসআর