[email protected] শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড, লিটার ২০৭ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ ৪:১৩ পিএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে সয়াবিন তেলের দাম আরও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৭ টাকা।

অন্যদিকে খোলা সয়াবিন তেলের নতুন দাম ১৮৮ টাকা। উভয় ক্ষেত্রেই লিটারপ্রতি তিন টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ২০২২ সালের সর্বোচ্চ দামের রেকর্ডও ছাড়িয়ে গেল ভোজ্যপণ্যটির দাম।

এর আগে ২০২২ সালে দেশে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল লিটারপ্রতি ২০৫ টাকা এবং খোলা তেলের দাম ১৮৫ টাকা। নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে দুই ধরনের সয়াবিন তেলের দামই আগের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে।

চলতি বছরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। পরে ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর আরও পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। সর্বশেষ তিন টাকা বৃদ্ধির ফলে বছরের শুরু থেকে এ পর্যন্ত বোতলজাত তেলের দাম বেড়েছে মোট ১২ টাকা।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকে নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়। তবে পাম অয়েলের খোলা বাজারের দাম আগের মতো লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।

দাম বাড়ানোর পক্ষে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও আমদানি ব্যয়ের বিষয়টি তুলে ধরেছেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, গত সেপ্টেম্বরের মূল্য সমন্বয়ের পর বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দর বেড়েছে। পাশাপাশি ডলারের উচ্চমূল্যের কারণে আমদানি খরচও বৃদ্ধি পেয়েছে। আসন্ন রমজানে বাজারে পর্যাপ্ত সরবরাহ ও মজুত নিশ্চিত করতে নতুন করে দাম নির্ধারণের প্রয়োজন ছিল বলে মনে করছেন তাঁরা।

বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আমদানি, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারদর এবং ঋণপত্র (এলসি) খোলার পরিস্থিতি তুলে ধরে। এসব বিষয় পর্যালোচনা শেষে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম নির্ধারণের পরও বাজারে ভোক্তাদের ভোগান্তি কমার নিশ্চয়তা নেই।

বোতলজাত তেল নির্ধারিত দামে বিক্রি হলেও বিভিন্ন স্থানে খোলা সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে অবৈধ মজুত, কৃত্রিম সংকট তৈরি এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত তেলের দাম ৭ শতাংশ বেড়েছে।

একই সময়ে খোলা পাম অয়েলের দামও বেড়েছে ১০ শতাংশ।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে।

আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে।

সূর্যমুখী তেলের গুরুত্বপূর্ণ রপ্তানিকারক দেশ ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়।

একই সময়ে ইন্দোনেশিয়া নিজেদের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সাময়িকভাবে পাম অয়েল রপ্তানি বন্ধ করে দেয়।

এসব ঘটনায় বিশ্ববাজারে ভোজ্যতেলের সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দেয়। এর প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও।

সেই সময়ের সর্বোচ্চ মূল্যকে ছাড়িয়ে এবার নতুন রেকর্ড গড়ল সয়াবিন তেল।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর