[email protected] শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় নিরাপত্তায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ ১২:৩১ পিএম

সংগৃহীত ছবি

দেশের ছয় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা জোরদারে ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সদস্য রয়েছেন গোপালগঞ্জে। জেলাটিতে দায়িত্ব পালন করছেন ৫৬ প্লাটুন বিজিবি। এ ছাড়া অতিরিক্ত প্রয়োজনের কথা বিবেচনায় আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮, নারায়ণগঞ্জে সাত, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে তিন এবং কক্সবাজারে সাত প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে।

ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্রও নিয়মিত বিশ্লেষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরে জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর