[email protected] শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ফেরত না দিলে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ ১২:২১ পিএম

সংগৃহীত ছবি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো না হলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থানের কথা জানান। পাকিস্তান সফরকালে দেওয়া তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বিবিসি উর্দু।

স্পিকার বলেন, বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানোর পরও ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি না হয়, তাহলে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা।

তবে তার এ ঘোষণাকে গ্রহণযোগ্য মনে করছে না সরকার। সরকারের অবস্থান, যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই তার দেশে ফেরার বিষয়টি নিষ্পত্তি হতে হবে।

বিবিসি উর্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তার রাজনৈতিক কর্মী-সমর্থকদের মনোবল ধরে রাখার কৌশল বলে মন্তব্য করেছেন স্পিকার। বাস্তবে তিনি বাংলাদেশে ফিরবেন না বলেও মনে করেন তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেন।

তার বক্তব্য, একজন বিতর্কিত ব্যক্তিকে নিজেদের দেশে আশ্রয় দেওয়ার কারণে ভারতও নানা ধরনের চ্যালেঞ্জ ও জটিলতার মুখোমুখি হচ্ছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

এরপর থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর