[email protected] বৃহঃস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি কেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ৯:০০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বুধবার পৃথক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এখনো কোনো শুল্ক কার্যকর হয়নি। তদন্তের ফলাফলের ভিত্তিতে কিছু পণ্যের ওপর শুল্ক আরোপের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

 

ইউএসটিআরের তদন্তের মূল বিষয় হলো ‘কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’। সংস্থাটির অভিযোগ, কয়েকটি দেশ নিজেদের বাজারের চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে। সরকারি ভর্তুকি, কর ছাড় ও সহজ ঋণের মতো সুবিধা দিয়ে এসব দেশের সরকার উৎপাদন বাড়াতে সহায়তা করছে। পরে বাড়তি পণ্য কম দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের দাবি, কম দামের এসব আমদানি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় দেশটির স্থানীয় উৎপাদকরা পিছিয়ে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন।

 

অতিরিক্ত উৎপাদন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতার কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানগুলো চাপে পড়ছে। এর ফলে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন ও কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

সংস্থাটির হিসাবে, যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের প্রায় ২৫ শতাংশের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি দেশের ওপর নির্ভরতা রয়েছে। কোনো মহামারি বা আন্তর্জাতিক সংকটের সময় এসব পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হলে দেশটির অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

 

বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে। ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজির এক হিসাবে এ ব্যয়ের পরিমাণ অন্তত ২ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, ইওয়াই-পার্থেননের ধারণা, চীনের ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব সক্ষমতা তৈরিতে ২০৫০ সাল পর্যন্ত অতিরিক্ত ১৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হতে পারে।

 

ইউএসটিআরের আরেকটি যুক্তি হলো, অতিরিক্ত উৎপাদনকারী দেশগুলো নিজেদের বাজারে সব পণ্য বিক্রি করতে না পেরে বিদেশে রপ্তানি করে। এতে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকেরা তৃতীয় দেশের বাজারেও প্রতিযোগিতার মুখে পড়ছেন। একই সঙ্গে বিশ্বের বড় ও উন্মুক্ত বাজার হওয়ায় যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের প্রবেশ বাড়ছে, যা দেশটির বাণিজ্য ঘাটতি বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে দাবি সংস্থাটির।

 

বাংলাদেশ নিয়ে তদন্তে যেসব অভিযোগ

গত মার্চে ১৪টি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইউএসটিআর। বাংলাদেশকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরিতে সরকারের বিভিন্ন নীতি ও উদ্যোগের সমালোচনা করা হয়েছে।

 

সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের কিছু নীতি ও চর্চা মার্কিন বাণিজ্য আইনের বিবেচনায় অযৌক্তিক এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে।

 

প্রতিবেদনের ৮৯ ও ৯০ পৃষ্ঠায় বলা হয়েছে, বাজারের চাহিদা ও বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনা না করে বাংলাদেশ রপ্তানি এবং রপ্তানিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্প খাতে পরিকল্পিতভাবে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে এর প্রভাব পড়েছে বলে মনে করে সংস্থাটি।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর বাংলাদেশ থেকে প্রায় ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক এবং সব মিলিয়ে ৯ বিলিয়ন ডলারের টেক্সটাইল পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ উল্লেখযোগ্য।

 

ইউএসটিআরের অভিযোগ, বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় রপ্তানি নীতি ২০২৪-২৭, কর ছাড় ও নগদ প্রণোদনার মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানো হয়েছে। এতে বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের সামগ্রিক ঘাটতি থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের উদ্বৃত্ত রয়েছে। ২০২১ সালে এই উদ্বৃত্ত ছিল ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালে বেড়ে ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

 

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে ইউএসটিআর। সংস্থাটির দাবি, চীন অতিরিক্ত উৎপাদিত পণ্য সরাসরি যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে বাংলাদেশকে উৎপাদন ও রপ্তানির মধ্যবর্তী মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের উৎপাদন উপকরণ আমদানি ৭ বিলিয়ন ডলার বা ৬৮ শতাংশ বেড়েছে। একই সময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের এ ধরনের আমদানি ৩০ বিলিয়ন ডলার বা ২১ শতাংশ কমেছে।

 

ইউএসটিআরের মতে, চীনের মতো ‘নন-মার্কেট ইকোনমি’ দেশ থেকে কাঁচামাল ও উৎপাদন উপকরণ আমদানি বাড়ায় বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক বাজারে বাড়তি প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে।

 

এ ছাড়া বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়েও আপত্তি তুলেছে সংস্থাটি। তাদের প্রতিবেদনে বাংলাদেশের ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির তথ্য তুলে ধরে বলা হয়েছে, প্রতিযোগী কয়েকটি দেশের তুলনায় এ মজুরি কম।

 

বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

তদন্তের সিদ্ধান্তের ভিত্তিতে ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারায় বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে ইউএসটিআর। এর আওতায় শুল্ক আরোপসহ বিভিন্ন বাণিজ্যিক বিধিনিষেধ বিবেচনা করা যেতে পারে।

 

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশের অধিকাংশ পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব বিবেচনায় রয়েছে। তবে এই হার এখনো চূড়ান্ত নয়। শুল্কের হার নির্ধারণে আগে থেকে কার্যকর থাকা শুল্ক, দুই দেশের চলমান আলোচনা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়গুলো বিবেচনা করা হবে।

 

শুল্ক কার্যকরের আগে কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে

প্রস্তাবিত শুল্ক কার্যকর করার আগে মার্কিন বাণিজ্য আইন অনুযায়ী জনমত গ্রহণ করতে হবে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০৪(বি) ধারায় এ প্রক্রিয়ার বিধান রয়েছে।

 

এ প্রক্রিয়ায় প্রস্তাবের পক্ষে-বিপক্ষে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান মতামত দিতে পারবেন। শুনানিতে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। অন্যদিকে, লিখিতভাবেও মতামত জমা দেওয়ার সুযোগ থাকবে। উভয় ক্ষেত্রেই মতামত জানানোর শেষ সময় আগামী ৫ জানুয়ারি।

 

জমা পড়া মতামত নিয়ে ২৫ জানুয়ারি শুনানি আয়োজনের কথা জানিয়েছে ইউএসটিআর। প্রয়োজন হলে শুনানির কার্যক্রম আরও চলবে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরই প্রস্তাবিত শুল্ক আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এফ/ডি

সম্পর্কিত খবর