সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
দীর্ঘ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে বিদেশে কর্মরতদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে গিয়ে সবাইকে সুস্থ থাকতে হবে এবং সেখানকার আইন, নিয়মকানুন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিজেদের কাজ ও আচরণের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান তিনি।
যেভাবে নির্বাচিত হলেন কর্মীরা
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ কর্মীদের নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে স্বচ্ছ ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্ত করা হয়।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে চাকরি করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নের সুযোগ রয়েছে। পাশাপাশি নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অভিবাসন ব্যয়ও বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেল সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে একই ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্রের সত্যায়ন পেয়েছে সংস্থাটি।
বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং ডিএইচএল সাপ্লাই চেইন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং নিয়োগের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। ওই বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগে স্বচ্ছতা, ন্যায্যতা ও সাশ্রয় নিশ্চিত করার বিষয়ে একমত হন।
এফ/ডি