[email protected] বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে উদ্বিগ্ন নয় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ৬:২৮ পিএম

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরকার কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এ ধরনের ঘোষণা নিয়ে সরকারের বিশেষ কোনো উদ্বেগ নেই। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

 

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বর দেশে আসার কথা বলা হচ্ছে। এভাবে কতদিন ঘোষণা চলবে, তা বলা কঠিন। তবে এসব বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে না।

 

তিনি জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনও নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ। কোথাও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি অনুযায়ী বিজিবি ও অন্যান্য বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভারতের কাছে কূটনৈতিক মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। ভারত জানিয়েছে, তারা আইনগত দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের কয়েকজন কর্মকর্তা ও অন্যান্য বাহিনীর সদস্যের সঙ্গে ফ্যাসিস্ট শক্তির সংশ্লিষ্টতা রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার বিষয়টি নজরদারিতে রেখেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, এ সিদ্ধান্তের বিষয়টি বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের ফলে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের সুযোগ তৈরি হয়েছে। এ নিয়ে তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।

 

তিনি জানান, তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হবে। এরপর আদালতের বিচারিক সিদ্ধান্তের ভিত্তিতে দলটির কার্যক্রম স্থায়ীভাবে কিংবা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা এবং সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত করার মতো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে।

এফ/ডি

সম্পর্কিত খবর