দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছে। এ ছাড়া আরও ৪ প্লাটুন সদস্য যেকোনো প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধেও কাজ করছেন তারা।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাঠপর্যায়ের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জনগণের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এফ/ডি