[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বেশি বিদ্যুৎ দিল রূপপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ৮:২৫ পিএম

সংগৃহীত ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে

 একটানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ দিয়েছে। এই সময়ে জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

​জাতীয় সঞ্চালন লাইনের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দ্বিতীয় ধাপে রূপপুরের প্রথম ইউনিট থেকে নিয়মিতভাবে প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এই পরীক্ষামূলক ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের প্রাথমিক লক্ষ্য থাকলেও নির্ধারিত সময় ছাড়িয়ে তা প্রায় ৩০ ঘণ্টা ধরে চলেছে।

​দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এটি একটি বড় অগ্রগতি। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রটির কারিগরি প্রস্তুতি ও পরিচালন সক্ষমতার ক্ষেত্রে এটি নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​দ্বিতীয় ধাপের বিদ্যুৎ সরবরাহ শেষে ইউনিটটিকে আবার জাতীয় গ্রিড থেকে আলাদা করা হয়েছে। বর্তমানে সরবরাহকালীন বিভিন্ন কারিগরি মানদণ্ড, টারবাইন ও জেনারেটর সিস্টেম এবং আনুষঙ্গিক যন্ত্রপাতির কর্মক্ষমতা পর্যালোচনা করা হচ্ছে। এই মূল্যায়নের ফলাফলের ওপর ভিত্তি করেই সামনের পরিচালন পরিকল্পনা ঠিক করা হবে বলে জানিয়েছে এনপিসিবিএল।

​এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এ প্রসঙ্গে বলেন, ‘দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।’

​তিনি আরও যোগ করেন, ‘অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই আমরা পরবর্তী কার্যক্রম এগিয়ে নিচ্ছি।’

​এই সাফল্যের পেছনে অবদান রাখা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান, এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধন্যবাদ ও অভিনন্দন জানান ড. জাহেদুল হাসান।

​প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে। উভয় ইউনিট পুরোদমে উৎপাদনে এলে দেশের বিদ্যুৎ খাতে বহুমুখিতা আসবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার হবে।

এইচ/এম

সম্পর্কিত খবর