[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ৭:৪০ পিএম

সংগৃহীত ছবি

শিশুশ্রম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার।

পাশাপাশি শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, শিক্ষার্থীদের দুপুরের খাবার, পোশাক, স্কুলব্যাগ ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী অর্থবছর থেকেই এসব পরিকল্পনার কিছু বাস্তবায়ন দেখা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ডে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত একটি প্রকল্পের উদ্বোধনী ও পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মাহদী আমিন জানান, অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। আগামী অর্থবছরেই এ উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখতে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

 

তিনি আরও বলেন, শিক্ষা খাতে সরকারি ব্যয় পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিক্ষাবৃত্তি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করা হবে, যাতে আর্থিক সংকটের কারণে কোনো শিশু পড়াশোনা ছেড়ে শ্রমে যুক্ত না হয়।

 

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের দুপুরের খাবারের পাশাপাশি স্কুলের পোশাক, ব্যাগ ও জুতা দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সরকারের পাঁচ বছর মেয়াদের মধ্যে দেশের সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

 

কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা

শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়ানোর বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। মাহদী আমিন জানান, ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার পাঠ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে তাত্ত্বিক শিক্ষা দেওয়া হবে। আর নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

 

তিনি জানান, দেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। পর্যায়ক্রমে এসব শিক্ষার্থীর জন্যও সরকারি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

 

শিশুশ্রম বন্ধে পরিবারকে আর্থিক সহায়তা

শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্যের কথা উল্লেখ করেন মাহদী আমিন। এ সমস্যা মোকাবিলায় প্রস্তাবিত ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় মায়েদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে পরিবারের আর্থিক চাপ কমবে এবং শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা সহজ হবে বলে আশা করছে সরকার।

 

তিনি বলেন, শিশুশ্রম বন্ধে শুধু একটি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

এ লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা তৈরির কাজও এগিয়ে চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে দ্রুত এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

 

কেরানীগঞ্জে শিশুশ্রম কমাতে বিশেষ প্রকল্প

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

 

ঝুঁকিপূর্ণ পেশায় শিশুদের নিয়োগ বন্ধ করা, ইতোমধ্যে এসব কাজে যুক্ত শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনা এবং পরিবারগুলোর সঙ্গে পুনরায় যুক্ত করার বিষয়টি প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাশাপাশি কিশোর-কিশোরীদের নিরাপদ কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্থানীয় শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

 

বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের অনানুষ্ঠানিক পোশাক উৎপাদনের অন্যতম বড় কেন্দ্র কেরানীগঞ্জে আনুমানিক ১ লাখ ২০ হাজার শিশু শ্রমে নিয়োজিত রয়েছে। তাদের মধ্যে প্রায় ২০ হাজারের বয়স ১৪ বছরের নিচে।

অনুষ্ঠানে আইএলওর প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা বলেন, দারিদ্র্য, শিক্ষার সীমাবদ্ধতা এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সামাজিক নিরাপত্তার অভাব শিশুশ্রম বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সমস্যার সমাধান ছাড়া শিশুশ্রম বন্ধ করা কঠিন।

আইএলওর কর্মসূচি ব্যবস্থাপক নিরান রামজুথানও শিশুশ্রম প্রতিরোধে সরকার, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও উন্নয়ন সহযোগীদের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

প্যানেল আলোচনায় রাশেদা কে চৌধুরী অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের উপদেষ্টা মো. মাহফুজুর রহমান ভূঁইয়া শিশুশ্রম বন্ধে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে নিয়োগকর্তাদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। তিনি শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি চলতি বছরের মধ্যেই এ বিষয়ে জাতীয় রোডম্যাপ চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এফ/ডি

সম্পর্কিত খবর