আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। প্রথম দিনের তালিকায় বিএনপি ও জামায়াতসহ মোট ১৯টি দল রয়েছে।
এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তিন দিনে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব দলের সঙ্গে কমিশনের আলোচনা হয়েছিল, সেগুলোর পাশাপাশি নতুন চারটি দলকেও এবার আমন্ত্রণ জানানো হবে।
ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে সংলাপে ডাকা হচ্ছে না। একইভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলও আমন্ত্রণের তালিকায় থাকছে না।
তিন দিনে যেসব দল অংশ নেবে
ইসির পরিকল্পনা অনুযায়ী, ২৯ নভেম্বর বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ ১৯টি দলের সঙ্গে আলোচনা হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগের সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।
দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করতে চায় নির্বাচন কমিশন।
পাঁচ ধাপে ইউপি ভোটের পরিকল্পনা
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পাঁচটি ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং শেষ ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে, তারাই সংশ্লিষ্ট স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এফ/ডি