নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক অনুশীলন প্রত্যক্ষ করার কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অনুশীলন দেখেন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের সমন্বিত বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
এই বিশেষ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দীর্ঘ সময় ধরে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর নানা সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়ে আসছে। পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণও হয়েছে। তবে প্যারা কমান্ডো ব্রিগেড, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষ এই মহড়া এবারই প্রথম অনুষ্ঠিত হলো।
অনুশীলনের বিভিন্ন পর্ব ও সামরিক সরঞ্জাম প্রদর্শনী পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এফ/ডি