তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে এখনো সমঝোতা হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া সভার বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় পোশাকশিল্পের বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন সর্বনিম্ন মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনা এবং মজুরির চূড়ান্ত সুপারিশ তৈরির অগ্রগতি।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা আলোচনা হয়। ওই বৈঠকে মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে পরবর্তী সভায় তারা লিখিতভাবে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব জমা দেয়।
অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানালেও পরে তা কমিয়ে ২২ হাজার টাকা করেন। চতুর্থ বৈঠকেও তারা একই দাবিতে অনড় ছিলেন।
আলোচনায় শ্রমিকপক্ষ মালিকদের দেওয়া প্রস্তাবকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
পরে উভয় পক্ষের প্রস্তাব পুনর্বিবেচনার সিদ্ধান্তের মধ্য দিয়ে সভা মুলতবি করা হয়। পরবর্তী বৈঠকে মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।
এফ/ডি