তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করার বিষয়ে এখনো কোনো সমঝোতায়
পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিক পক্ষ। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিক পক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দিয়েছে। বিপরীতে শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকার দাবিতেই অনড় অবস্থান ধরে রেখেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া এই বৈঠকের বিরতিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে এ বৈঠক ডাকা হয়েছিল। সভার আলোচ্যসূচিতে মূলত দুটি বিষয় ছিল—মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা করা এবং সব স্তরের শ্রমিক-কর্মচারীদের জন্য নিম্নতম মজুরির চূড়ান্ত সুপারিশ প্রণয়ন।
এর আগে গতকাল সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনা হয়। ওই সভায় মালিক পক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও আজকের বৈঠকে তারা ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব জমা দেয়। অপরদিকে, শ্রমিক প্রতিনিধিরা আগের সভায় প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে যে ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিলেন, আজও সেই অবস্থানেই অটল থাকেন।
বৈঠকে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা মালিকদের এই প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। দুই পক্ষের প্রস্তাবিত মজুরির মধ্যে ৬ হাজার ৩০০ টাকার বড় ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই আজকের সভা মুলতবি ঘোষণা করা হয়। তবে উভয় পক্ষই নিজ নিজ প্রস্তাব আরও যাচাই-বাছাই করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
এইচ/এম