[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর ফিরছেন শেখ হাসিনা -রয়টার্স

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ১২:২৭ পিএম

সংগৃহীত ছবি

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর এবারই প্রথম দেশে ফেরার জন্য একটি নির্দিষ্ট দিন উল্লেখ করেছেন তিনি। এ লক্ষ্যে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

 

মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও একই ধরনের ব্যবস্থায় তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

বিবৃতিতে আরও দাবি করা হয়, সংবিধান লঙ্ঘন করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এ কারণে বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

 

সম্প্রতি নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের উদ্যোগ নেওয়ার বিষয়টি সামনে আসে। ক্ষমতা হারানোর পর ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যে তার আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল। নতুন নথিপত্র সংগ্রহের তৎপরতার মধ্যেই দেশে ফেরার দিনক্ষণ জানালেন তিনি।

 

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্সের মন্তব্য চাওয়ার পরও সরকারের একজন মুখপাত্র কোনো বক্তব্য দেননি।

 

এর আগে রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর দায়ে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

 

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটে। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

 

অন্যদিকে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ এবং নতুন পাসপোর্ট সংগ্রহের উদ্যোগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

এফ/ডি

সম্পর্কিত খবর