রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। যশোরে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে যশোর-৬ আসনে বিজয়ী হন আজিজুল ইসলাম।
ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
রাজনৈতিক জীবনের শুরুতে আজিজুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
পরবর্তী সময়ে তিনি যশোর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
এ/এইচ/টি