[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ ২:৫৩ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরও প্রায় ১৪ মাস সময় লাগবে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি এগিয়ে চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। চুক্তি সম্পন্ন হলে নির্ধারিত সময় অনুযায়ী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির সীমিত ব্যবহার শুরু হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে কার্যক্রম শুরু হলেও যাত্রীসেবা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসহ পুরো টার্মিনাল সচল করতে প্রায় ১৪ মাস প্রয়োজন হবে।

এদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধনের তারিখ নির্ধারণ করলেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে প্রায় ২১ হাজার ১৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রকল্পটি দেশের বিমান পরিবহন অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অন্যতম বড় উদ্যোগ।

এর আগে গত আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরীক্ষামূলকভাবে তৃতীয় টার্মিনাল ব্যবহার করে। তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা-সংক্রান্ত সমঝোতা চূড়ান্ত না হওয়ায় তখন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, সোজিতজ করপোরেশনসহ জাপানের সংশ্লিষ্ট সরকারি সংস্থা। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় টার্মিনালটি পরিচালনার বিষয়ে এই কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির পরিকল্পনা ছিল।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে নতুন টার্মিনালে দুই বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের ফলে কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা-সংক্রান্ত সমঝোতায় জটিলতা ও অসন্তোষ তৈরি হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল সফট ওপেনিংয়ের মাধ্যমে। এটি পুরোপুরি চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় ২ কোটি ৪০ লাখে উন্নীত হওয়ার কথা। পাশাপাশি কার্গো পরিবহনের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

প্রায় ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এ প্রকল্পের ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন টার্মিনালটিতে রয়েছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি বহির্গমন ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি আগমন ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক।

এ ছাড়া ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকায় নতুন টার্মিনালটি দেশের বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর