দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারায় দেওয়া ক্ষমতাবলে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানকালে আনোয়ার ইব্রাহিমকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে।
এস আর ও নং ৪১৯-আইন/২০২৬ নম্বরের প্রজ্ঞাপনটি সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরকে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে দেখা হচ্ছে। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সেখানে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে অংশীদারত্ব, জনশক্তি রপ্তানি এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।
পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সে হিসাবে তার ঢাকায় অবস্থানের সময় হতে পারে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের বর্তমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হতে পারে।
বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা খাত গুরুত্ব পেতে পারে। পাশাপাশি হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে।
উল্লেখ্য, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২২ জুন কুয়ালালামপুরে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, জনশক্তি, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হন তারা।
এ/এইচ/টি