[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্যে অংশ নিতে এনসিপির শর্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দিলেও কয়েকটি শর্তের কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কেবল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার উদ্দেশ্যে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়া হলে এবং পরবর্তী সময়ে একক দলের সুপারিশে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলে তাতে অংশ নেবে না তারা।

জাতীয় ঐক্যের আলোচনা শুরুর আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ সম্পন্ন করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব দাবি তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত একদলীয় কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া প্রয়োজন। সরকার এ পদক্ষেপ নিলে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ে তাদের আন্তরিকতা স্পষ্ট হবে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও ইতিবাচক বার্তা পাবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ হতে হবে সুস্পষ্ট অঙ্গীকার ও নীতিগত ভিত্তির ওপর।

অতীতে সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, সেগুলোর জন্য ক্ষমা চাওয়াসহ আস্থা ফিরিয়ে আনার মতো কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে।

দেশের চলমান পরিস্থিতিকে সংকটপূর্ণ উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা তাতে সাড়া দিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করছেন এবং বর্তমান সংকট মোকাবিলায় কী ধরনের উদ্যোগ নিতে চান, তা জানতে চায় এনসিপি।

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, গণভোটের রায় অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে।

এসব বিষয়ে ঐকমত্য তৈরি হলেই প্রকৃত অর্থে জাতীয় ঐক্যের পথ তৈরি হতে পারে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর