বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব বজায় রাখার পাশাপাশি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে চায় দেশটি।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এ আগ্রহের কথা জানিয়েছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বার্তাটি প্রচার করেছে।
বার্তার শুরুতে ‘বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা’ জানানো হয়। এতে ২০২৬ সালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
এক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
বার্তায় বলা হয়, ২০২৬ সালজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে আরও জোরদার হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের মতে, এসব কার্যক্রম দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি অভিন্ন অঙ্গীকারকে আরও দৃঢ় করতে সহায়তা করেছে।
দুই দেশের সামরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে বার্তায় বলা হয়, অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সবশেষে ‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’—এই মূলমন্ত্র দিয়ে বার্তাটি শেষ করেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
এইচ/এম